নওগাঁর মান্দায় জেসমিন আরা (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দীঘিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত জেসমিন আরা কুসুম্বা ইউনিয়নের গাইহানা গ্রামের কুবাদ আলীর মেয়ে। আটককৃতরা হলেন জেসমিনের স্বামী উজ্জল হোসেন (২৫), শ্বশুর ইউনুস আলী (৫০) ও শাশুড়ি জোসনা বেগম (৪৫)।
নিহতের বাবা কুবাদ আলী অভিযোগ করে বলেন, প্রায় সাত বছর আগে পারিবারিকভাবে উজ্জল হোসেনের সঙ্গে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।
তিনি আরও জানান, সোমবার রাতভর জেসমিনের ওপর নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারান। পরে মাইক্রোবাসে করে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মঙ্গলবার দুপুরে নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।