
নওগাঁর মান্দা উপজেলায় বসতভিটায় ঘর নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাজী গোবিন্দপুর বালিকাপাড়া এলাকায়।
আহত মো. রেজাউল হক (৪১) অভিযোগ করে জানান, গত বৃহস্পতিবার সকালে তিনি তার ভোগদখলীয় জমিতে ঘর নির্মাণ শুরু করলে একই এলাকার মো. ফুলবক্স (৩৫), মো. নূরবক্স (৪৫), মোয়াজ্জেম আলী (২৮), তোফাজ্জল ইসলাম (২২), মোত্তালেব আলী (৩২)সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে কাজে বাধা দেন। একপর্যায়ে তারা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালান। এ ঘটনায় ভুক্তভোগী মো. রেজাউল হক মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, ধারালো অস্ত্র, লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধরে তিনি গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার মা সফুরা বেওয়া (৬২), স্ত্রী কুলসুম বিবি (৩৫) ও ভাবি রোজিনা খাতুন (২৭)-কেও মারধর করা হয়।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, “অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।