নওগাঁর মান্দা উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতের আঁধারে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের অর্জুনের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছচাষি আব্দুল মজিদ।
ভুক্তভোগী আব্দুল মজিদ জানান, বিদেশে শ্রম দিয়ে উপার্জিত অর্থ দেশে এনে স্বাবলম্বী হওয়ার আশায় মাছচাষে নামেন তিনি। কাঁশোপাড়া ইউনিয়নের চকরামানন্দ গ্রামের আহাম্মদ আলী গংদের মালিকানাধীন একটি পুকুর তিন বছরের জন্য লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেছিলেন। কিন্তু মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলে। পাশাপাশি পুকুরপাড়ের কয়েকটি গাছও কেটে ফেলা হয়।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাত্র তিন মাস হলো লিজ নেওয়া পুকুরে মাছ চাষ শুরু করি। সবকিছু ভালো চলছিল। কিন্তু এক রাতে বিষ প্রয়োগে সব স্বপ্ন শেষ করে দিলো দুর্বৃত্তরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
অন্যদিকে, পাশের চকচম্পকবড় গ্রামের মৃত কিয়ামতুল্লাহর ছেলে আব্দুল জলিল দাবি করেন, পুকুরটির মালিকানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। তিনি বলেন, “আমি মূল মালিকদের সাতজনের অংশ কিনেছি প্রায় তিন বছর আগে। তখন দখল নিতে গিয়ে কিছু গাছ কাটার ঘটনা ঘটেছিল। তবে পুকুরে বিষ প্রয়োগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। বরং আমিও সেখানে মাছ চাষ করছিলাম।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।