নওগাঁর মান্দায় নির্বাচন-পরবর্তী সময়ে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া ইস্যুকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে একটি ফার্নিচারের দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের আন্দারিয়াপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক সাইদুর রহমান প্রামানিক, তিনি মৃত কলিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচন-পরবর্তী সময়ে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া নিয়ে কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গভীর রাতে দুর্বৃত্তরা সাইদুর রহমানের ফার্নিচারের দোকানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
আগুনে দোকানে থাকা প্রায় দুই লাখ টাকার কাঠ, তিনটি বক্স খাটের ফ্রেম এবং দোকানঘরসহ মোট প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।
খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।