নওগাঁর মান্দায় ধানের হাটে ওজনে কারচুপি এবং নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় তিনজনকে মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কশব ও বিষ্ণুপুর ইউনিয়নে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন মান্দা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার ১৩ নম্বর কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা বাজারের ধানের হাটে অভিযান চালানো হয়। সেখানে কৃষকদের কাছ থেকে মণপ্রতি ৪০ কেজির স্থলে ৪১ কেজি হিসেবে ধান কেনার সত্যতা পায় প্রশাসন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় দুই আড়তদারকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের কয়লাবাড়ী মৌজায় নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় নদী ও পরিবেশের ক্ষতি করে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, ‘কৃষকের ন্যায্য অধিকার রক্ষা, বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এবং পরিবেশ ও নদী রক্ষায় প্রশাসনের এই তদারকি ও অভিযান নিয়মিতভাবে জারি থাকবে। অনিয়মের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।