
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার দীর্ঘ একটি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে ইউনিয়নের কলেজ মোড় থেকে সামান হাজীর বাড়ি পর্যন্ত সড়কটির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কটির নির্মাণকাজ শেষ হলে এলাকার সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বেগবান হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেসুর রহমান মকে, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি লায়লা বারী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক এবং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘদিন পর সড়কটি পাকাকরণের উদ্যোগ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, রাস্তাটি দীর্ঘদিন কাঁচা ও চলাচলের অনুপযোগী থাকায় সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়েছে। নির্মাণকাজ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থা সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭ লাখ টাকা। কাজ শেষ হলে প্রসাদপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।