নওগাঁ প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ , ৩:১০:১৫ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগ চিহ্নিত করা এবং ব্যাংকঋণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায় অগ্রণী ব্যাংক পিএলসির কশব শাখার নেতৃত্বে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার সব তফসিলি ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
অগ্রণী ব্যাংক পিএলসির নওগাঁ অঞ্চলের এজিএম ও অঞ্চলপ্রধান মো. হাসান তারেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন এবং বাংলাদেশ ব্যাংকের বগুড়া কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মামুনূর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ মো. মকলেছুর রহমান মকে এবং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল। এ ছাড়া বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় ‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগ চিহ্নিত করা এবং প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন বক্তারা।
আয়োজক সূত্রে জানা যায়, লিড ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসির কশব শাখা কর্মসূচির সমন্বয় করছে। এ কর্মসূচির আওতায় উপজেলার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থায়নের সুযোগ তৈরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার বিভিন্ন দিক সম্পর্কে প্রচারণা চালানো হচ্ছে।





















