
নওগাঁর মান্দা উপজেলায় ফসলি জমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটরের (ভেকু) তিনটি ব্যাটারি জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, এলেঙ্গা গ্রামে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালায়। ঘটনাস্থলে সত্যতা পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী জমির মালিক আয়েন উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন,
“পরিবেশ সংরক্ষণ ও আবাদি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জব্দকৃত ব্যাটারিগুলো স্থানীয় কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।