
নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে চারতলা ফাউন্ডেশনবিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণকাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বাস্তবায়নে ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩১ লাখ ৬৯ হাজার ৮৬২ টাকা।
নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে সুধী সমাবেশের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি শাহিনা আক্তার মালার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মাসুদ রানা।
মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাশিস মান্দা শাখার সাবেক সভাপতি গোলাম সোরয়ার স্বপন ও আহ্বায়ক সদেরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা শাখার সভাপতি এরফান আলি মিয়া, ভারশোঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন চারু, নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান হোসেন, নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, এমপি পত্নী লায়লা আঞ্জুমান বানু, উপজেলা মহিলাদলের সভাপতি নার্গিস আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তালহা জোবায়ের ও শিক্ষার্থী সোহানা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, বিএনপি নেতা নাসির উদ্দিন ও মোজাম্মেল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। গ্রাম ও শহরের শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত বৈষম্য দূর করতে ধারাবাহিকভাবে আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের জন্য উন্নত ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষক, অভিভাবক ও এলাকার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীরা যেন শুধু বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না থেকে সুনাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠে, সেদিকে শিক্ষকদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।