নওগাঁ প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ১০:২২:২৯ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলার ৪ নম্বর মান্দা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজাজ আহম্মেদ হিন্দোল (৫৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল কোনো এক সময় হিন্দোল বাড়ির ভেতরে টিউবওয়েলের পাশে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে।
মরহুম এজাজ আহম্মেদ হিন্দোল মান্দা উপজেলার কালিকাপুর জংলিপাড়া গ্রামের মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের মাঝে শোকের আবহ বিরাজ করছে।
কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতীনসহ মান্দার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।




















