মো. সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ১ জুন ২০২৬ , ৭:০৩:১০ প্রিন্ট সংস্করণ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরও একজন অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১ জুন) ভোরে উপজেলার বালারহাট ইউনিয়নের বালারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ছাত্তার মিয়া (৫০), হুজুর আলী (৪৫) ও সাজু মিয়া (৫৫)। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এরশাদ মিয়া (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ওই চার ব্যক্তি একসঙ্গে মদপান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজন নিজ বাড়িতে মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন। অপর তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
নিহতদের পরিবারের সদস্যরা জানান, ঘটনার পরপরই তারা অসুস্থ হয়ে পড়েন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।
স্থানীয় ইউপি সদস্য মো. মাইদুল ইসলাম বলেন, “তারা মদ্যপান করার পর অসুস্থ হয়ে মারা গেছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন।”
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ হোসেন বলেন, “মদপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিবারের সদস্যরা হার্ট অ্যাটাকের কথা বলছেন। হাসপাতালের নথিপত্র সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।




















