মেক্সিকোর গুয়াদালাহারা চিড়িয়াখানায় দুইটি হাতি একটি অস্থায়ী ফুটবল মাঠে হেঁটে বেড়িয়ে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ফলাফল অনুমান করার অভিনব চেষ্টা করেছে। হাতিগুলোর সামনে ছিল দুটি পথ—এক পাশে মেক্সিকোর পতাকা চিহ্নিত ঘাস, আর অন্য পাশে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার পতাকা চিহ্নিত সবুজ ঘাস।
মুহূর্তের সিদ্ধান্তে হাতিগুলো মেক্সিকোর দিকের ঘাসের দিকে এগিয়ে যায়। এতে চিড়িয়াখানার কর্মীরা ধারণা করছেন, উদ্বোধনী ম্যাচে মেক্সিকোই জয়ী হবে।
এই অদ্ভুত ভবিষ্যদ্বাণী পদ্ধতি ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বিখ্যাত অক্টোপাস ‘পল’-এর স্মৃতি মনে করিয়ে দেয়।
চিড়িয়াখানার কর্মী ইভান রেয়নোসো জানান, বিভিন্ন প্রাণীর মাধ্যমে ম্যাচের সম্ভাব্য ফল অনুমান করার একটি বিনোদনমূলক আয়োজন এটি। তিনি বলেন, প্রাণীদের জন্য এটি যেমন আনন্দদায়ক, দর্শকদের জন্যও তেমনই উপভোগ্য।
পরবর্তী ধাপে গরিলা ‘চেনচি’ ও ‘ফাউস্টিনা’-কে দুটি পিনিয়াটা দেখানো হয়, যার একটি স্পেন এবং অন্যটি উরুগুয়ের জার্সির মতো সাজানো ছিল। কিছুক্ষণ দ্বিধার পর একটি গরিলা উরুগুয়ের পিনিয়াটার দিকে এগিয়ে যায়, যা ইঙ্গিত দেয় যে ওই ম্যাচে উরুগুয়ে জয় পেতে পারে।
আরেকটি ঘটনায় ‘মুলুক’ নামের একটি পুমা মনে করেছে দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয়ী হবে। পাশাপাশি ছয়টি জিরাফ কলম্বিয়ার চেয়ে কঙ্গোর পক্ষে ঝুঁকেছে বলে দেখা গেছে।
রেয়নোসো বলেন, এই ধরনের কার্যক্রম প্রাণীদের জন্য বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক উদ্দীপনা তৈরি করে এবং দর্শকদের জন্যও এটি বাড়তি আনন্দ নিয়ে আসে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।