
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১০ কোটি টাকা মূল্যের ৩০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় ৩৩ জন জেলেকে আটক ও দুটি ফিশিং বোট জব্দ করা হয়। অভিযান চলাকালে হামলায় কোস্টগার্ডের এক সদস্য ও এক মাঝি আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। এর আগে সোমবার বিকেলে উপজেলার চেয়ারম্যান ঘাটসংলগ্ন নীল বয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড হাতিয়া স্টেশনের একটি দল বিকেল চারটার দিকে অভিযানে নামে। দুটি ফিশিং বোটে থাকা জেলেরা অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিল। অভিযানে তাদের আটক করা হয় এবং প্রায় ১০ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযান চলাকালে কোস্টগার্ড আরেকটি ফিশিং বোটকে ধাওয়া করলে জেলেরা আকস্মিক হামলা চালায়, এতে দুইজন আহত হন।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়। আটককৃত জেলেদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি আরও বলেন, "সমুদ্র ও নদীতে অবৈধ মৎস্য আহরণ রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং দেশের মৎস্যসম্পদ ও আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।