মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে একটি বসতবাড়ির থেকে ককটেল সদৃশ বস্তু ও একটি হুমকির চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (১ জুলাই) সকালে উপজেলার কসবা মোল্লাপাড়া গ্রামের আক্কাস আলীর (৪৫) বসতবাড়ি সিঁড়ির নিচ থেকে এগুলো জব্দ করা হয়।
আক্কাস আলী ওই গ্রামের রজব আলীর ছেলে।
উদ্ধার করা চিরকুটে ভাঙা ভাঙা হাতে লেখা রয়েছে, ‘দেয়াল দিচ্ছি রাসতা পাস দিএ পানি নামতে না দিলে বোম মেড়ে মেড়ে ফেলব দোল এখন পাউআরে বেচে থাকতে কথা শন।’
স্থানীয় বাসিন্দা রাসেল জানান, সকালে আক্কাস আলীর বাড়িতে লাল টেপে মোড়ানো ১টি ককটেল সদৃশ বস্তু এবং হুমকির চিরকুট দেখার খবর পেয়ে সেখানে দেখতে যায়। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
বাড়ির মালিক আক্কাস আলী বলেন, সকালে বাড়ির মধ্যে বোমার মতো বস্তু ও চিরকুট দেখে দ্রুত থানায় খবর দিই। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এগুলো রেখে গেছে। কে বা কারা কি উদ্দেশ্যে এগুলো রেখে গেছে তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। দুর্বৃত্তরা এলাকায় অস্থিরতা ও আতঙ্ক সৃষ্টি করার জন্যই মূলত এই অপচেষ্টা চালাচ্ছে বলে ধারণা করছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু ও হাতে লেখা একটি হুমকি চিরকুট উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করার জন্য পুলিশের সর্বোচ্চ চেষ্টা চলছে। অপরাধী যেই হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।