
যশোরের বাঘারপাড়া উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে আকিজ জুট মিলের স্টাফ বাস ও একটি ভ্যানগাড়ির সংঘর্ষকে কেন্দ্র করে মিলশ্রমিক ও ভ্যানচালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোরের আদ্-দীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বসুন্দিয়া ইউনিয়নের ঘুনী-চাড়াভিটা সড়কের মীরখালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আকিজ জুট মিলের স্টাফ বাসে শ্রমিকদের নিয়ে গন্তব্যে যাচ্ছিল। পথে মীরখালিপাড়া এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে পেছনে থাকা একটি ভ্যানগাড়ির সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক জাহাঙ্গীর হোসেন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসচালক ও ভ্যানচালকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় আরও একজন ভ্যানশ্রমিক আহত হন।
ঘটনার পর বাসটি ঘটনাস্থল ছেড়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ঘোষনগর-বাগডাঙ্গা বাজার এলাকায় বাসটি আটক করে। এতে সেখানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে আকিজ জুট মিল কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দেয়। পাশাপাশি গুরুতর আহত ব্যক্তিকে তাদের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে যশোর আদ্-দীন হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থলে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য আনিসুর রহমান বিপ্লবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মামলা হয়েছে কি না, তা জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।