সারাদেশ

যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৬ , ৭:২২:১৮ প্রিন্ট সংস্করণ

বরিশালের গৌরনদী থেকে ঢাকায় নেওয়ার পথে প্রায় দেড় ঘণ্টা যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সে আব্দুর রব সরদার নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের গেটে পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সের ভেতরেই মারা যান তিনি। যানজটে আটকে বিলম্ব হওয়ায় যথাসময়ে হাসপাতালে পৌঁছাতে না পারায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

নিহত আব্দুর রব সরদার (৬৭) গৌরনদীর বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী। তিনি উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামের বাসিন্দা।

মৃতের ছেলে রুবেল সরদার বলেন, ‘গত বৃহস্পতিবার তার বাবা ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী কলেরা হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।’

তিনি বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হই। ঢাকায় প্রবেশের পর মহাখালী যাওয়ার পথে একাধিক স্থানে প্রায় দেড় ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়। এতে যথাসময়ে হাসপাতালে পৌঁছাতে পারিনি।’

রুবেল আরও বলেন, ‘দুপুর দেড়টার দিকে কলেরা হাসপাতালের গেটে পৌঁছালে অ্যাম্বুলেন্সের ভেতরেই তার বাবা মারা যান।’ যানজট না থাকলে সময়মতো হাসপাতালে পৌঁছে অন্তত চিকিৎসা দেওয়া সম্ভব হতো বলেও দাবি করেন তিনি।

গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান বলেন, ‘হাসপাতালে ভর্তির সময় ওই রোগীর অবস্থা খারাপ ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।’

আরও খবর

Sponsered content