ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-কে কাজে লাগিয়ে ইরান ও মধ্যপ্রাচ্যের পরিবেশের ক্ষতিসাধনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা তুলে ধরবেন তিনি।
বুধবার তুরস্কের আনতালিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
পেজেশকিয়ান বলেন, ‘ইরান ও এ অঞ্চলের পরিবেশের ক্ষতি করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন একটি ভালো সুযোগ।’
তিনি আরও জানান, অন্যান্য দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও তেহরানের অবস্থান তুলে ধরবেন। তার ভাষায়, ‘আমরা ইসলামি প্রজাতন্ত্রের ন্যায্য অবস্থান এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘটিত অপরাধ নিয়ে আলোচনা করব।’
ইরানি প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে নিজেদের নির্বাচন ও দেশটির জনগণের মধ্যে তাদের কর্মকাণ্ডের পরিণতি দেখতে পেয়েছে।
এদিকে, এবারের কপ৩১ সম্মেলনে অংশ নিচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা দ্বিতীয় বছরের মতো সম্মেলনে কোনো সরকারি প্রতিনিধিদলও পাঠাচ্ছে না ওয়াশিংটন।
গত ৯ নভেম্বর শুরু হওয়া কপ৩১ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এতে বিশ্বের প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।