মার্কিন জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রের সাবেক প্রধান জো কেন্ট যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে মতবিরোধের জেরে তিনি পদত্যাগ করেছিলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কেন্ট বলেন, ‘এই চুক্তি টিকে থাকার সম্ভাবনা আরও জোরালো করতে যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলের প্রতি সব ধরনের সামরিক ও গোয়েন্দা সহায়তা বন্ধ করা। তার দাবি, ইসরায়েল এই চুক্তিকে ব্যর্থ করার জন্য বারবার সুযোগ নিয়েছে এবং ব্যবস্থা না নিলে ভবিষ্যতেও একই চেষ্টা করতে পারে।’
তিনি আরও বলেন, ‘ইরানের নাগালের মধ্যে থাকা উপসাগরীয় অঞ্চলের ঘাঁটিগুলো থেকে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের নীরবে সরিয়ে নেওয়া প্রয়োজন। এর ফলে ইরানের কট্টরপন্থিরা মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে আবার সংঘাতে টেনে নেওয়ার সুযোগ পাবে না।’
কেন্টের মতে, যুক্তরাষ্ট্রকে এমন সব কারণ দূর করতে হবে যা তাকে ইসরায়েল বা ইরানের শর্তে আবার যুদ্ধে ফিরতে বাধ্য করতে পারে। তিনি বলেন, ‘আমাদের নিয়ন্ত্রণে থাকা সব পরিস্থিতিকে আমাদের পক্ষে নেওয়া দরকার।’
সাবেক এই কর্মকর্তা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততার সমালোচনা করে আসছেন। তার বক্তব্য এমন এক সময় সামনে এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি আঞ্চলিক উত্তেজনা কমানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে মার্কিন প্রশাসন এখনো কেন্টের মন্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ইসরায়েলের পক্ষ থেকেও এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।