আগে ধারণা করা হতো হার্ট অ্যাটাক বা হৃদরোগ কেবল বয়স্কদের সমস্যা। কিন্তু বর্তমান সময়ে চিকিৎসকদের কপালে ভাঁজ ফেলে আশঙ্কাজনক হারে বাড়ছে তরুণ ও যুবসমাজেই হৃদরোগের ঝুঁকি। আর এই বিপজ্জনক পরিস্থিতির পেছনে অন্যতম বড় খলনায়ক হলো এনার্জি ড্রিংক। ক্লান্তি দূর করতে কিংবা কাজের ফাঁকে চাঙা থাকতে অনেকেই ভরসা করেন এনার্জি ড্রিংকের ওপর। বিশেষ করে তরুণদের মধ্যে এসব পানীয়ের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে সাময়িকভাবে শরীর চাঙা করা এই পানীয়ই ডেকে আনতে পারে হৃদযন্ত্রের বড় বিপদ।
নতুন এক গবেষণায় দেখা গেছে, এনার্জি ড্রিংক ও উদ্দীপক উপাদানযুক্ত সম্পূরক গ্রহণের সঙ্গে তরুণদের গুরুতর হৃদরোগের ঝুঁকি বাড়ার সম্পর্ক রয়েছে। এসব পণ্য গ্রহণের ক্ষেত্রে হৃদ্যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার ঘটনা প্রায় ১১ গুণ এবং হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঘটনা সাড়ে ৪ গুণ বেশি পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিদ্যা বিভাগের গবেষকেরা ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত খাদ্য ও ওষুধ প্রশাসনে জমা পড়া ২৮ হাজার ৩৪৫টি অভিযোগ বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছেন। এর মধ্যে ৮৫৪টি অভিযোগ ছিল ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিংক ও উদ্দীপক সম্পূরক পণ্য নিয়ে। বাকি অভিযোগগুলো ছিল উদ্দীপক উপাদানবিহীন পণ্য সম্পর্কে।
গবেষণায় দেখা যায়, সাধারণ পণ্যের তুলনায় এনার্জি ড্রিংক ও উদ্দীপক সম্পূরক গ্রহণের পর হৃদ্যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ প্রায় ১১ গুণ বেশি। হৃদ্রোগে আক্রান্ত হওয়ার অভিযোগ সাড়ে ৪ গুণ এবং হৃদস্পন্দনের অস্বাভাবিকতা ও বুক ধড়ফড়ের অভিযোগ প্রায় চার গুণ বেশি পাওয়া গেছে। হৃদযন্ত্রের সমস্যা–সংক্রান্ত অভিযোগগুলোর প্রায় ৪৫ শতাংশই ছিল ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের।
গবেষণার প্রধান গবেষক সাই সামায়ামানথুলা বলেন, এসব পানীয়কে সাধারণ কোমল পানীয়ের মতো করেই বাজারজাত করা হয়। ফলে অনেকেই এগুলোকে ঝুঁকিমুক্ত মনে করেন। তবে নিয়মিত এনার্জি ড্রিংক ও উদ্দীপক উপাদানযুক্ত সম্পূরক গ্রহণ করলে শরীরে অতিরিক্ত ক্যাফেইন প্রবেশ করতে পারে, যা হৃদযন্ত্রের ক্ষতির আশঙ্কা বাড়াতে পারে।
কেন বাড়ছে হৃদযন্ত্রের ঝুঁকি?
এনার্জি ড্রিংকে থাকা ক্যাফেইন হৃদ্স্পন্দন ও রক্তচাপ বাড়াতে পারে। এ ছাড়া এসব পানীয়তে গুয়ারানা, টরিন, ইয়েরবা মাতে, থিওব্রোমিনসহ বিভিন্ন উদ্দীপক উপাদান থাকে। এগুলো ক্যাফেইনের প্রভাব আরও বাড়িয়ে দিতে পারে।র
চিকিৎসকদের মতে, অতিরিক্ত উদ্দীপক উপাদান গ্রহণের ফলে হৃদযন্ত্রের স্বাভাবিক বৈদ্যুতিক কার্যক্রম ব্যাহত হতে পারে। এতে হৃদস্পন্দন অনিয়মিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ, হৃদরোগ কিংবা অনিয়মিত হৃদ্স্পন্দনের সমস্যা রয়েছে, তাদের জন্য ঝুঁকি বেশি। কিছু এনার্জি ড্রিংকে প্রতি আউন্সে সাধারণ কফির তুলনায় তিন গুণ পর্যন্ত বেশি ক্যাফেইন থাকতে পারে। ফলে একাধিক পানীয় গ্রহণ করলে অজান্তেই শরীরে অতিরিক্ত ক্যাফেইন জমা হতে পারে।
যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন
অতিরিক্ত ক্যাফেইন ও উদ্দীপক উপাদান গ্রহণের ফলে কয়েকটি শারীরিক লক্ষণ দেখা দিতে পারে। যেমন-
> বুক ধড়ফড় করা।
>বুকে ব্যথা বা অস্বস্তি।
>মাথা হালকা লাগা বা ঝিমঝিম করা।
>হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যাওয়া।
এনার্জি ড্রিংক গ্রহণে সতর্কতা জরুরি
বিশেষজ্ঞরা বলছেন, হৃদযন্ত্র সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু ক্যাফেইন গ্রহণ করা হচ্ছে, সেদিকে নজর রাখা জরুরি। শুধু এনার্জি ড্রিংক নয়, চা, কফি, শরীরচর্চার আগে খাওয়া পানীয় এবং বিভিন্ন সম্পূরক পণ্যের ক্যাফেইনের পরিমাণও হিসাব করতে হবে। পণ্যের মোড়কে থাকা উপাদানের তালিকা ভালোভাবে পড়তে হবে। বিশেষ করে গুয়ারানা ও সিনেফ্রিনের মতো অতিরিক্ত উদ্দীপক উপাদান রয়েছে কি না, তা খেয়াল রাখা প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।