
রংপুরে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) এক কর্মশালায় এলইডি স্ক্রিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেসে ওঠায় হইচই শুরু হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই কো-অর্ডিনেটর গোলাম রব্বানী তড়িঘড়ি করে স্থান ত্যাগ করেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
এসময় কর্মশালার সঞ্চালনা চলাকালে হঠাৎ স্ক্রিনে রাজনৈতিক নেতাদের ছবি উঠে আসে। নিয়ম অনুযায়ী সরকারি উন্নয়ন প্রকল্পের কর্মশালায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি প্রদর্শন করা যায় না। ফলে ঘটনাটি প্রশাসনিকভাবে বিতর্কিত হয়ে ওঠে।
উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে এটিকে ভুলক্রমে ঘটেছে বলা হয়েছে এবং যিনি প্রদর্শন করেছেন তিনি ক্ষমা চেয়েছেন।”
তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা দেশে নতুন নয়। ফ্যাসিবাদ আমরা মনে করি শেষ হয়ে যায়নি, বরং বিভিন্ন রূপে রয়ে গেছে। মাঝেমধ্যে এর প্রতিফলন ঘটে। তবে যখনই তা ধরা পড়ে, আমরা ব্যবস্থা নেই।”
উপদেষ্টা ফরিদা আখতার রংপুর বিভাগে দুই দিনের সফরে এসেছেন। সফরকালে তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করছেন।
একই কর্মশালায় তিনি প্রাণি থেকে জেনেটিক রোগের মাধ্যমে মানুষের দেহে সংক্রমণ মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেন। নিরাপদ ও রোগমুক্ত প্রাণি নিশ্চিত করতে সরকার নানা ভ্যাকসিন উৎপাদনে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, “নিরাপদ প্রাণি থেকেই নিরাপদ মাংস, দুধ ও ডিম পাওয়া সম্ভব।”
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবেরসহ মন্ত্রণালয় ও রংপুর বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।