রংপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মতপ্রকাশের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৩ জুন) সন্ধ্যা ৭টায় রংপুর জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মতপ্রকাশের প্রধান সম্পাদক মো. আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পত্রিকাটির উপদেষ্টা ড. এটিএম জিন্নাতুল বাসার।
দৈনিক মতপ্রকাশের স্টাফ রিপোর্টার মো. সাকিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মিঠু (দৈনিক বাংলা), সহ-সভাপতি জেনিফা ইয়াসমিন লিনা (দৈনিক প্রথম খবর), সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পরাগ (দৈনিক মাতৃভূমি) এবং সাংগঠনিক সম্পাদক নূর-ই-রাব্বি (দ্য ডেইলি পোস্ট)। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশের গণমাধ্যমের বিকাশে দৈনিক মতপ্রকাশের ভূমিকার প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মো. আজহারুল ইসলাম বলেন, “বয়স দিয়ে সবকিছু বিচার করা যায় না। বয়সে অপেক্ষাকৃত নবীন হলেও দৈনিক মতপ্রকাশ ইতোমধ্যে সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অসংখ্য সংবাদপত্রের ভিড়ে নিজস্ব অবস্থান তৈরি করতে পত্রিকাটি সফল হয়েছে।”
বিশেষ অতিথি ড. এটিএম জিন্নাতুল বাসার বলেন, “বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক মতপ্রকাশ পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদী।”
রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মিঠু বলেন, “দৈনিক মতপ্রকাশ একটি মানসম্মত সংবাদপত্র। সংবাদ পরিবেশনায় পত্রিকাটির বিশেষ সুনাম রয়েছে। এর মানোন্নয়ন ও আরও সমৃদ্ধির জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”
অনুষ্ঠান শেষে দৈনিক মতপ্রকাশের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান উপস্থিত অতিথি ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে দৈনিক মতপ্রকাশের স্টাফ রিপোর্টার এস আর লিখু, রংপুর সদর প্রতিনিধি সাজেদুল করিমসহ হিমন, সাব্বির, বাপ্পি, রবিন চৌধুরী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।