
রংপুরে নানা আয়োজনে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন রংপুর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), রংপুরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ মে) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, মেট্রোলজিকে শুধু পণ্যের পরিমাপের মধ্যে সীমাবদ্ধ না রেখে নীতি নির্ধারণেও এর ব্যবহার বাড়াতে হবে। উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত সংশ্লিষ্টরা দায়িত্বশীলভাবে কাজ করলে ভোক্তা ও সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে বাজারে পণ্যের স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বাজার তদারকি জোরদার করতে হবে।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, সঠিক পরিমাপ ব্যবস্থা নিশ্চিত করা না গেলে ভোক্তা অধিকার, ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাত ক্ষতিগ্রস্ত হয়। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় মেট্রোলজি বা পরিমাপ বিজ্ঞানের গুরুত্ব দিন দিন বাড়ছে। এ বিষয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি জরুরি।
বিশেষ অতিথিদের বক্তব্যে বিএসটিআই রংপুরের কর্মকর্তারা বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায় মেট্রোলজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভুল পরিমাপ নিশ্চিত করা গেলে বাজারে প্রতারণা কমবে এবং ভোক্তারা ন্যায্য সেবা পাবেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. ফারজানা আক্তার বলেন, উন্নত ও টেকসই অর্থনীতি গঠনে মানসম্মত পণ্য উৎপাদন এবং নির্ভুল পরিমাপ নিশ্চিত করার বিকল্প নেই। এ ক্ষেত্রে বিএসটিআই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে বিশ্ব মেট্রোলজি দিবসের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।