
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে রংপুরে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকালে রংপুর-বড়বাড়ি-কুড়িগ্রাম জাতীয় মহাসড়কের নবদীগঞ্জ এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
রংপুর জেলা প্রশাসন ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “বৃক্ষ আমাদের জীবনের জন্য অপরিহার্য। বৃক্ষ থেকে আমরা অক্সিজেন, খাদ্যসহ নানা উপকারিতা পাই। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “বৃক্ষরোপণ কেবল গাছ লাগানো নয়, বরং এটি দুর্যোগ মোকাবিলা ও সবুজ ভবিষ্যৎ গড়ার একটি সামাজিক আন্দোলন। এ আন্দোলনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা গেলে তারা ভবিষ্যতে আরও সচেতন হবে।”
তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।
অনুষ্ঠানে রংপুর বন বিভাগের উপ-বন সংরক্ষক মো. নূরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।