
রংপুর মহানগরীতে গ্যারেজে পার্কিং করে রাখা ‘শাপলা পরিবহন’-এর একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে গত দুই দিনে নগরীতে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে মহানগরীর মা ও শিশু হাসপাতালের সামনে সাজু মিয়ার গ্যারেজে এ ঘটনা ঘটে। বাসটির মালিক মিঠু মিয়া; তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং বাসটি রংপুর-জলঢাকা রুটে চলাচল করত।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম।
গ্যারেজের নৈশপ্রহরী সিরাজুল ইসলাম জানান, রাত ৩টা ৫ মিনিটের দিকে মাস্ক পরা তিনজন যুবক গ্যারেজের পাশ দিয়ে হেঁটে গিয়েছিলেন। এর কিছুক্ষণ পরই বাসের সামনের অংশে আগুন জ্বলে ওঠে। ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান, তবে এর মধ্যেই পুরো বাসটি পুড়ে যায়।
বাসের মালিক মিঠু মিয়া বলেন, “আমি নীলফামারী বাস-মিনিবাস ও কোচ সমিতির সদস্য এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন আমার বাসে আগুন দিয়েছে। আমার ধারণা, গানপাউডার ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। একমাত্র রুটিরুজির পথ বন্ধ হয়ে যাওয়ায় আমি বড় ক্ষতির মুখে পড়েছি।”
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক জানান, “নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে আমরা রাত ৩টা ৮ মিনিটে সংবাদ পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
কোতোয়ালি থানার ওসি আব্দুল ওয়াদুদ আলম বলেন, “প্রাথমিকভাবে আমাদের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এ ঘটনা ঘটিয়েছে। কীভাবে আগুন লাগানো হলো এবং কোনো রাসায়নিক বা দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে বুধবার ভোরে নগরীর পর্যটন মোটেলের বিপরীত পাশে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ‘লুমিনাস ক্যাডেট কোচিং’-এর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই দিন বেলা দুইটার দিকে বাস টার্মিনালসংলগ্ন মৎস্য আড়ত এলাকায় অগ্নিসংযোগে ‘হৃদয়-তাহসিন পরিবহন’-এর আরও একটি বাস পুড়ে যায়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।