“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে ধারণ করে রংপুরে উদযাপিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস।
অনুষ্ঠানটির আয়োজন করে সমবায় অধিদপ্তর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়–সমবায় বিভাগ, রংপুর।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য সমবায়ী সাথী ও সম্মানিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কান্ডারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, রংপুরের সম্পাদক এটিএম ফখরুল আলম মণ্ডল।
বক্তব্যে তিনি বলেন, “আমাদের সমিতির প্রধান প্রকল্প ‘গুড হেলথ হসপিটাল’ ও ‘গুড হেলথ নার্সিং ইনস্টিটিউট’ রংপুর তথা উত্তরবঙ্গের স্বাস্থ্যখাতে নৈতিকতা, মান ও সাশ্রয়ের ভিত্তিতে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। পাশাপাশি দক্ষ ও মানসম্মত নার্স তৈরিতে প্রতিষ্ঠানটির ভূমিকা অনস্বীকার্য।”
তিনি আরও জানান, গুড হেলথ হসপিটাল ও স্মাইল ট্রেন-এর যৌথ উদ্যোগে ঠোঁটকাটা ও তালু ফাটা শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে, যার মাধ্যমে প্রায় পাঁচ হাজারেরও বেশি শিশুর মুখে হাসি ফুটেছে।
এছাড়াও কিডনি রোগীদের জন্য বিনামূল্যে ডায়ালাইসিস সেবা প্রদানের বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
বক্তব্যের শেষে এটিএম ফখরুল আলম মণ্ডল বলেন, “সমবায়ের ভিত্তিতে সামাজিক মালিকানায় স্বাস্থ্য সেবা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কান্ডারী সমবায় প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।