রংপুর চিড়িয়াখানায় চলমান শিশু মেলায় মিনি রেলে চড়তে গিয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে চিড়িয়াখানার ভেতরে স্থাপিত অস্থায়ী বিনোদন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও চিড়িয়াখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১টার দিকে কয়েকজন শিশু মেলার ভেতরে ছোট আকৃতির মিনি রেলে চড়ে ঘুরছিল। এ সময় হঠাৎ রেলের লাইন স্লিপ করলে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় এক শিশু। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে নিহত শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চিড়িয়াখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিশুটির বয়স আনুমানিক ২ থেকে আড়াই বছর।
এদিকে শিশুটির মৃত্যুর বিষয়ে স্পষ্ট তথ্য না মেলায় রহস্য দেখা দিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি কীভাবে হাসপাতালে এসেছে, ভর্তি হয়েছে বা ছাড়পত্র পেয়েছে—এ বিষয়ে কোনো রেকর্ড নেই। সাংবাদিকরা হাসপাতালে গিয়ে শিশুটির লাশের সন্ধান না পেয়ে হতবাক হন।
স্থানীয়দের অভিযোগ, মেলায় স্থাপিত রাইডগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা দোষীদের শাস্তি এবং শিশুদের বিনোদন এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানিয়েছে, মেলার রাইডগুলো বেসরকারি এক বিনোদন উদ্যোক্তা পরিচালনা করছিলেন। দুর্ঘটনার পর মেলার অন্যান্য কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়। জানা যায়, দুর্ঘটনায় আহত শিশুকে তার অভিভাবকরা নিজেরাই হাসপাতালে নিয়ে যান। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।”
জেলা ভেটেরিনারি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও চিড়িয়াখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. ওমর আলী বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমি দুর্ঘটনার সময় চিড়িয়াখানায় ছিলাম না। পরে জানতে পারি, শিশুটি লালমনিরহাট থেকে ঘুরতে এসেছিল। দুর্ঘটনাস্থলের রাইডগুলো ঠিকাদার কর্তৃপক্ষ পরিচালনা করছিল। লাইন বা বগিতে ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।