প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ১২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
রংপুর তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে ২ যাত্রীকে হত্যার অভিযোগ

রংপুরে ভাড়া নিয়ে তর্কের জেরে ৩ যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠেছে কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২৩৯৯০) ওই বাসের হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে একজন।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রংপুর জেলার তারাগাঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের জিগাতলা এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নীলফামারী জেলার চড়াইখোলা বসুনীয়া পাড়ার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও একই এলাকার লোকমান বসুনীয়ার ছেলে শাকির বসুনীয়া (২২)।
তাঁরা কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ জনতা।
বাসের যাত্রী আতিক ইসলাম বলেন, আমার কাছে টাকা থাকায় বাস থেকে আমাকে নামানো হয়নি। তবে বাসের হেল্পার ও সুপারভাইজার আমাকে জিম্মি করেন এবং গলায় গামছা পেঁচিয়ে ধরেন।
এ সময় মুকুল ও শাকিব আমাকে বাঁচাতে এগিয়ে এলে চলন্ত বাস থেকে লাথি মেরে তাদের ফেলে দেওয়া হয়। পরে আমি চিৎকার করলে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখে স্থানীয় লোকজনকে জানান। পরে স্থানীয় লোকজন বাসটি আটক করেন। বাসটি আটকানো না হলে আমাকেও ফেলে দেওয়া হতো।
নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তার ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাদের চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। পরে মুকুল ও শাকিব তাকে বাঁচাতে গেলে তাদের লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। পরে চিকলী এলাকায় স্থানীয় লোকজন ও পথে থাকা একটি মাইক্রোবাসের যাত্রীরা বাসটি আটক করেন।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় যায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুই যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঘাতকবাসটির সঙ্গে ড্রাইভার, হেল্পারকে আটক করার কথা জানিয়েছেন, তবে বাসটির কন্ট্রাকটর পলাতক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com