
রংপুর মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১১ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে আরএমপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে কোতয়ালী থানা, তাজহাট থানা এবং মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক উদ্ধার ছাড়াও ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন মামলার অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানান, অভিযানে কোতয়ালী থানা ৭ জন, তাজহাট থানা ৩ জন এবং ডিবি পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে।
কোতয়ালী থানার অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা, জনশৃঙ্খলা বিঘ্নিত করা, ওয়ারেন্ট তামিল এবং চুরির মামলার তদন্তে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তির কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তাজহাট থানা পুলিশের অভিযানে ২০ পুরিয়া গাঁজাসহ কাদের মিয়া (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া হত্যা চেষ্টা মামলার আসামি মমিনুল হক মাহিম (২০) এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সবুজ মিয়াকে আটক করা হয়।
অন্যদিকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে নগরীর দমদমা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে জাফর (৪৯) নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
রংপুর মহানগর পুলিশ জানিয়েছে, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।