সারাদেশ

রাঙ্গুনিয়ায় মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়ার নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন

  রাঙ্গুনিয়া প্রতিনিধি : ১৯ নভেম্বর ২০২৫ , ২:৩৭:০৮ প্রিন্ট সংস্করণ

আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্ট পরিচালিত রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)–এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আধুনিক শিক্ষার উপযোগী পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের পাঠদান ও গবেষণার সুযোগ বাড়াতেই এ নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাওলানা আবদুল মান্নান রেজবী। অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলা হয়। সভাপতিত্ব করেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব আনোয়ার হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলাকার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আলহাজ্ব আনোয়ার হোসেন। তিনি বলেন,
“মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া বহু বছর ধরে ইসলামী জ্ঞানচর্চা, আদর্শ শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে অসামান্য ভূমিকা রেখে চলেছে। নতুন একাডেমিক ভবন নির্মিত হলে প্রতিষ্ঠানের মান আরও সমৃদ্ধ হবে।”

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব সামসুদ্দিন সাহেব, সিরাজুল হক সাহেব, পেয়ার মুহাম্মদ সাহেব, এম.এস. আহসানুল হক এবং মাহবুব ছাপা। আলহাজ্ব সামসুদ্দিন সাহেব বলেন, “শিক্ষার উন্নয়নই সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে মানসম্মত অবকাঠামোর বিকল্প নেই।”

ট্রাস্টের জেনারেল সেক্রেটারি জানান, নতুন ভবনটি নির্মিত হলে আধুনিক, শান্ত ও শিক্ষাবান্ধব একটি পরিবেশ গড়ে উঠবে, যা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বহুতল ভবনটিতে আধুনিক শ্রেণিকক্ষ, গবেষণাগার, সমৃদ্ধ লাইব্রেরি ও ল্যাব থাকার পাশাপাশি শিক্ষাসহায়ক অবকাঠামো আরও শক্তিশালী হবে। ফলে উচ্চতর ইসলামী শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মুজিবুর রহমান নেজামী।

আরও খবর

Sponsered content