প্রতিনিধি ১১ জুলাই ২০২৬ , ১১:১৪:২২ প্রিন্ট সংস্করণ
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে নতুন নেতৃত্ব তৈরি করে তরুণদের প্রতিটি সমাজে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
গতকাল শুক্রবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শহীদ ওসমান চত্বরে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মাদক সম্রাটদের বিরুদ্ধে অনেক রাজনীতিবিদ কোনো পদক্ষেপ নেন না। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলেও তারা নীরব থাকেন। কারণ নির্বাচনের আগে ব্যবসায়িক সিন্ডিকেটের কাছ থেকে চাঁদা তুলে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হয়। নির্বাচনের পরে ওই ব্যবসায়িক সিন্ডিকেট জনগণের বিরুদ্ধে গিয়ে যখন দ্রব্যমূল্যের দাম বাড়ায়, তখন রাজনীতিবিদরা চোখে কাঠের চশমা পড়ে সংসদে শুধু প্রধানমন্ত্রীর গুণগানে ব্যস্ত থাকেন।’
তিনি বলেন, ‘আমরা যখন সংসদে কথা বলতে চাই, তখন স্পিকার আমাদের বলে এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ। এটা ভাবার দরকার নেই, আমরা শুধু সংসদে কথা বলব। সংসদে যদি আপনি আমাদেরকে কথা বলতে না দেন, আমরা সংসদের বাইরে কথা বলব। জনগণের সামনে কথা বলব। আমাদেরকে কথা বলা থেকে দূরে রাখতে পারবেন না। মনে রাখবেন, ভয় দেখিয়ে জয়কে বন্ধ করে রাখা যাবে না।’
বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দিয়েছিল উল্লেখ করে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার গঠন করার পর সিদ্ধান্ত নিয়েছে তারা সংস্কার করবে না। জুলাইয়ে যারা রাজপথে নেমেছিল, তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশ উপহার দেবে। ৭০ শতাংশ মানুষের রায়ের বিপক্ষে গিয়ে রাষ্ট্র চালাতে চাইলে সেই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না।’
এ সময় বক্তব্য রাখেন- এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজা উদ্দিন ও লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহ।





















