
রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত ও ভাঙা কার্যালয়ের জায়গায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘অর্পিত সম্পত্তি’ উল্লেখ করে সাইনবোর্ড টানানো হয়েছে। এতে জমিটির মালিকানা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ওই সাইনবোর্ড স্থাপন করে।
সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে, জায়গাটি ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি (ভেস্টেড অ্যান্ড নন-রেসিডেন্ট প্রপার্টি)। বাংলাদেশ সরকারের পক্ষে এই সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রাজশাহী জেলা প্রশাসক ও কালেক্টর।
এর আগে একই স্থানে মালিকানা দাবি করে সাইনবোর্ড টানান ডা. দুর্জয় মৈত্র। তার মা অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্যের দাবি, আদালতের রায়ের মাধ্যমে জমিটির মালিকানা তার ছেলে অর্জন করেছেন।
অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্য বলেন, “আদালতের রায় থাকার পরও জেলা প্রশাসনের এ ধরনের সাইনবোর্ড টানানো আদালতের আদেশ অমান্য করার শামিল।” তিনি এ বিষয়ে আদালতের শরণাপন্ন হওয়ার কথাও জানিয়েছেন।
এদিকে জেলা প্রশাসনের সাইনবোর্ড টানানোর মাধ্যমে জায়গাটি সরকারি সম্পত্তি হিসেবে প্রশাসনের নিয়ন্ত্রণে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে এ বিষয়ে জেলা প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।