
রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজপাড়া থানার বুলনপুর গ্রামের আরিফুল ইসলাম ইমনের ছেলে মো. বাধন হোসেন সৌরভ (২১), বর্তমানে লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় বসবাসকারী এবং কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ন এলাকার নাজিম উদ্দিনের ছেলে মো. পলাশ (২৪)। তারা উভয়েই রাজশাহী মহানগরীর বাসিন্দা।
পুলিশ জানায়, গত ৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে সৌরভকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে রাত ২টা ৪৫ মিনিটের দিকে কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রাম এলাকা থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় সৌরভের ভাড়া বাসা থেকে একটি লাল রঙের চোরাই বাজাজ ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল।
পুলিশ আরও জানায়, সৌরভের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় দুটি এবং নাটোর সদর ও গোদাগাড়ী থানায় একটি করে মোট চারটি মামলা চলমান রয়েছে। অন্যদিকে পলাশের বিরুদ্ধে নাটোর সদর, গোদাগাড়ী, শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানায় পৃথক চারটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।