আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে দীর্ঘ ২২ বছর পর আজ রাজশাহী পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সেখানে পৌঁছান।
নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। এর আগে বেলা ১১টা ৫ মিনিটে ঢাকার বাসা থেকে রাজশাহী উদ্দেশে রওনা দেন তিনি।
এদিকে দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে কাছে পেয়ে রাজশাহী অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা এবং প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। এরই মধ্যে রাজশাহীর ঐতিহ্যবাহী মাদ্রাসা ময়দানে বিপুল জনসমাগমের মধ্য দিয়ে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন থানা-উপজেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন।
রাজশাহী নগরী ঘুরে দেখা গেছে, সকাল থেকেই রাজশাহী নগরের বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করেন। মিছিলে নানা ধরনের স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো ময়দান। সংসদ সদস্য প্রার্থীদের বড় বহর মাঠে প্রবেশ করলে উচ্ছ্বাস আরও বেড়ে যায়।
বিপুল মানুষের চাপে সমাবেশস্থলের আশপাশের সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। অনেক তরুণকে প্রিয় নেতাদের এক নজর দেখার আশায় গাছ, উঁচু দেয়াল ও বিভিন্ন স্থাপনার ওপর উঠে আগে থেকেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তরুণ, যুবক, বৃদ্ধ- সব বয়সী মানুষের উপস্থিতিতে মাদ্রাসা ময়দান পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে।
তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ-এই তিন জেলার সমন্বয়ে বিশাল মহাসমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় সূত্রমতে, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে তিনি রাজশাহীতে এসেছিলেন। আজকের এই ঐতিহাসিক জনসভা মঞ্চ থেকেই তিন জেলার মোট ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলীয় প্রধান।
রাজশাহীর কর্মসূচি শেষ করে তারেক রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নওগাঁ ও বগুড়ার জনসভায় যোগ দেবেন। সেখানেও তার বিশাল জনসমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।
বিএনপি নেতাদের মতে, তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে এবং নির্বাচনী বৈতরণী পার হতে কর্মীরা নতুন দিকনির্দেশনা পাবেন।
এদিকে সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠ ও আশপাশে পুলিশ, র্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা গেছে। সভামঞ্চের সামনে ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আকাশে ড্রোন উড়তে দেখা গেছে, যার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
রাজশাহী নগর পুলিশের উপকমিশনার মো. গাজিউর রহমান জানান, জনসভা এবং তারেক রহমানের নিরাপত্তা দিতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে সাদা পোশাকে পুলিশের গোয়েন্দারা কাজ করছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সতর্ক আছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।