রাজশাহীতে শুরু হয়েছে ২০ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা। “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রীনচত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
মেলাটি আয়োজন করেছে রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশবান্ধব রাজশাহী গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে উপকারভোগী ও ভূমি মালিক সংস্থার মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়, যা মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব রুমানা আফরোজ, বগুড়ার সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম, এবং রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ।
বৃক্ষমেলাকে ঘিরে সিটি কর্পোরেশনের গ্রীনচত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী মেলায় অংশ নেন। মেলায় ফলদ, বনজ ও ওষধি গাছের চারা ছাড়াও পরিবেশবান্ধব নানা পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।
বৃক্ষমেলা চলবে আগামী ২০ দিন পর্যন্ত, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।