মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৫ , ১১:৪৩:৪৮ প্রিন্ট সংস্করণ
ভূমি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিভাগের সেরা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সম্মাননা পেয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার এসিল্যান্ড রোহান সরকার। দায়িত্বশীলতা, সততা ও জনবান্ধব ভূমি সেবা প্রদানে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়।
ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকার ভূমি ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.১ এবং ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ ‘ভূমি’–এর উদ্বোধন অনুষ্ঠানে মাঠ পর্যায়ে ভূমি সেবায় বিশেষ অবদান রাখা কর্মকর্তা–কর্মচারীদের মধ্যে ৮টি ক্যাটাগরিতে মোট ৫৮ জনকে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত হন নন্দীগ্রামের রোহান সরকার।
পুরস্কার প্রাপ্তির পর রোহান সরকার বলেন, “এই অর্জন শুধু আমার নয়—ভূমি সেবার সঙ্গে জড়িত সকল সহকর্মী এবং জনসাধারণের পারস্পরিক আস্থা ও সহযোগিতার প্রতিফলন। নন্দীগ্রামের মানুষ যেন কোনো হয়রানি ছাড়া সহজে ভূমি সেবা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য।”
তাঁর এই অর্জনে সহকর্মী, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতে আরও সাফল্যের প্রত্যাশা করেছেন অনেকে।





















