মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: ২৫ জানুয়ারি ২০২৬ , ১২:০৮:৫২ প্রিন্ট সংস্করণ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মশার উপদ্রব নিয়ন্ত্রণে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে নেতৃত্ব দেন রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ।
সম্প্রতি ক্যাম্পাসে আশঙ্কাজনক হারে মশার প্রকোপ বেড়ে যাওয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগে শিক্ষার্থীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে এবং মশার উপদ্রব কমানোর লক্ষ্যে রাকসু এই কর্মসূচি হাতে নেয়।
সরেজমিনে দেখা যায়, পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী একাধিক টিমে ভাগ হয়ে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এলাকা, প্যারিস রোডের বিভিন্ন ড্রেন ও নর্দমায় কীটনাশক ছিটানো হচ্ছে। দীর্ঘদিন ধরে মশার যন্ত্রণায় অতিষ্ঠ শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তুহিন বলেন, “এই কর্মসূচির পাশাপাশি যদি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়, তাহলে উদ্যোগটি আরও কার্যকর হবে। ড্রেন পরিষ্কার রাখা ও পানি জমতে না দেওয়ার ব্যবস্থা করলে মশা নিধন টেকসই হবে। সব মিলিয়ে রাকসুর এই উদ্যোগ আমরা সাধুবাদ জানাই।”
রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ বলেন, “ক্যাম্পাসকে স্বাস্থ্যসম্মত রাখতে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শুধু একদিনের কর্মসূচি নয়; প্রয়োজন অনুযায়ী নিয়মিতভাবে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।”
তিনি আরও বলেন, “রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আমাদের এই মশা নিধন কর্মসূচিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করছি, এই উদ্যোগের মাধ্যমে মশার উপদ্রব কিছুটা হলেও কমবে।”
এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাকসুর সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুমা ইসরাত মুমু এবং কার্যনির্বাহী সদস্য ইমজিয়াউল হক।




















