
রাজশাহী রেলস্টেশন সংলগ্ন এলাকায় সারিবদ্ধভাবে বসে থাকা কিছু অসহায় মানুষের দৃশ্য সহজেই চোখে পড়ে। খোঁজ নিয়ে জানা গেল, এরা সবাই ছিন্নমূল মানুষ—যাদের নির্দিষ্ট কোনো আশ্রয় নেই। দিনের বেলায় শহরের বিভিন্ন এলাকায় সাহায্য তুলে জীবিকা নির্বাহ করেন, আর রাত হলে রেলস্টেশন এলাকাতেই ঘুমিয়ে পড়েন।
সেখানে উপস্থিত এক বৃদ্ধার সঙ্গে কথা হলে তিনি জানান, তারা অপেক্ষা করছেন খাবারের জন্য। “এখন খাবার আসবে, আমরা ১ টাকার বিনিময়ে এখানে খেতে আসি,” বলেন তিনি। তখন ঘড়িতে দুপুর ২টা।
কিছুক্ষণ পরই খাবার এসে পৌঁছায়। কথা হয় এক স্বেচ্ছাসেবকের সঙ্গে। তিনি জানান, ‘বিদ্যানন্দ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন দুপুরে এসব অসহায় মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে থাকে। মাত্র ১ টাকার বিনিময়ে তারা এই খাবার পেয়ে থাকেন।
জানা যায়, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ‘বিদ্যানন্দ’ প্রতিষ্ঠা করেন প্রবাসী বাঙালি কিশোর কুমার দাশ। নিজে জীবনের নানা প্রতিকূলতা পার করেছেন বলেই হয়তো সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এই উদ্যোগে যুক্ত হয়েছেন।
এ উদ্যোগের মাধ্যমে প্রতিদিন অসংখ্য অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়া হচ্ছে। সামান্য ১ টাকার বিনিময়ে একটি বেলা খাবার পাওয়ার সুযোগ তাদের জীবনে একটুখানি স্বস্তি এনে দিচ্ছে—যা অনেকের কাছেই আশার আলো হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।