সারাদেশ

রাজশাহী সদর–২ আসনের তরুণ প্রার্থীর জীবনের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন

  মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি : ২ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৪৪:৫২ প্রিন্ট সংস্করণ

রাজশাহী সদর–২ আসনের একজন সংসদ সদস্য প্রার্থী নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। তিনি রাজশাহীর সবচেয়ে তরুণ প্রার্থী হিসেবে পরিচিত এবং তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে আবেদনে উল্লেখ করেন।

আবেদনে প্রার্থী সাঈদ নোমান জানান, নির্বাচনী মাঠে তার জনপ্রিয়তা বাড়তে থাকায় প্রতিদ্বন্দ্বীরা তাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। তাকে ও তার দলের নেতাকর্মীদের ওপর হামলার আশঙ্কা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। শহীদ ওসমান হাদীর মতো তাকেও নির্বাচনী মাঠ থেকে সরানোর চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

আবেদনে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে তিনি গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। নির্বিঘ্নে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে প্রশাসনের সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানান তিনি।

কার কাছ থেকে বা কী ধরনের হুমকি পাচ্ছেন—এ বিষয়ে জানতে চাইলে তিনি নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি। তার ভাষ্য, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরই বিষয়টি স্পষ্ট হবে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, এবি পার্টির প্রার্থীর কাছ থেকে নিরাপত্তা-সংক্রান্ত একটি আবেদন পাওয়া গেছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানো হবে। পাশাপাশি নির্দিষ্ট হুমকির তথ্য উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content