
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরিষাবাড়ী এলাকায় নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ওই এলাকার সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা সহিদুল ইসলাম, যুবদলের ওয়ার্ড সেক্রেটারি রিয়াজুল ইসলাম এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলামের বাড়িতে অর্ধশতাধিক এনসিপি নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় সহিদুল ইসলাম বাদী হয়ে রাজারহাট থানা-য় একটি মামলা দায়ের করেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে হাসান জিহাদী (৩৫)সহ মামলার অন্যান্য আসামিরা কুড়িগ্রাম ম্যাজিস্ট্রেট আদালত-এ আত্মসমর্পণ করেন। আদালত শুনানি শেষে অন্যান্য আসামিদের জামিন মঞ্জুর করলেও হাসান জিহাদীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কুড়িগ্রাম জেলা কারাগার-এ পাঠানোর নির্দেশ দেন।
হাসান জিহাদী রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের বাসিন্দা এবং রাজিকুল ইসলামের ছেলে।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আজ সকালে হাসান জিহাদীসহ কয়েকজন আসামি আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেননি।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।