
শিশুদের মাঝে ইসলামের সৌন্দর্য, ইবাদতের গুরুত্ব ও পবিত্র হজ্জের তাৎপর্য তুলে ধরতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী হজ্জের বাস্তবধর্মী প্রশিক্ষণ। পবিত্র জিলহজ্জ মাস উপলক্ষে উপজেলার দক্ষিণ সন্ধ্যারই ফায়ার সার্ভিস রোডে অবস্থিত “আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুল” এ আয়োজন করে।
শনিবার (২৩ মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গণকে প্রতীকীভাবে ক্ষুদ্র মক্কা নগরীর আদলে সাজানো হয়। সেখানে কাবা শরীফ, মাকামে ইব্রাহিম ও সাফা-মারওয়ার প্রতিরূপ তৈরি করা হয়। সাদা পোশাকে সজ্জিত ক্ষুদে শিক্ষার্থীদের কণ্ঠে তালবিয়ার ধ্বনি “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” পুরো পরিবেশকে ধর্মীয় আবহে মুখরিত করে তোলে।
আয়োজনে শিক্ষার্থীদের হজ্জের নিয়ত, ইহরাম, তাওয়াফ, সাঈসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হাতে-কলমে শেখানো হয়। বাস্তবধর্মী এই প্রশিক্ষণে শিশুদের উৎসাহ ও আনন্দ ছিল চোখে পড়ার মতো।
অনেক অভিভাবক বলেন, ছোটবেলা থেকেই এ ধরনের ধর্মীয় অনুশীলন শিশুদের নৈতিকতা, মূল্যবোধ ও ইসলামী শিক্ষায় সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিদ্যালয়ের পরিচালক মিজানুর রহমান বলেন, “আমরা চাই শিশুরা শুধু বই পড়ে নয়, ইসলামের বিধানগুলো বাস্তবভাবেও শিখুক ও অনুভব করুক। ছোটবেলা থেকেই ধর্মীয় চেতনা, নৈতিক শিক্ষা ও ইসলামের প্রতি ভালোবাসা তাদের হৃদয়ে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। হজ্জ ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, তাই শিশুদের মাঝে এর মৌলিক ধারণা আনন্দঘন পরিবেশে তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে।”
তিনি আরও জানান, প্রতিষ্ঠানে আরবি ও ধর্মীয় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে “আল-হিকমাহ্ স্কুল অ্যান্ড হিফজুল কোরআন মাদ্রাসা” নামে পৃথক একটি শাখা পরিচালিত হচ্ছে। সেখানে শিক্ষার্থীরা নূরানী, নাজেরা ও হিফজ শিক্ষার মাধ্যমে ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অতিথিরা উপস্থিত ছিলেন। ব্যতিক্রমধর্মী এই আয়োজনটি উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের মতে, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও অনুকরণীয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।