প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৯:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
রাণীশংকৈলে পানির মোটর থেকে বের হচ্ছে সাবানের ফেনা,এলাকাজুড়ে চাঞ্চল্য

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের চাঁদনী সিনেমা হলের ওবায়দুল্লাহর মার্কেটর সাগরের দোকানের বৈদ্যুতিক পানির মোটর থেকে হঠাৎ করে কয়েকদিন ধরে সাবানের মতো ফেনাযুক্ত পানি বের হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। আকস্মিক এ ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্কে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী শামসুদ্দিন ইসলাম সাগর।
সরেজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদনী এলাকার মেসার্স ভাই ভাই ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী শামসুদ্দিন ইসলাম সাগরের ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক পানির মোটরটি চালালেই গত কয়েক দিন ধরে পানির সঙ্গে প্রচুর সাবানের মতো ফেনা বের হচ্ছে। শুধু তাই নয়, ওই পানি কোনো পাত্রে জমিয়ে রাখলে পাত্রের গায়ে একধরনের অস্বাভাবিক আস্তরণও পড়ে যাচ্ছে। অদ্ভুত এই দৃশ্য দেখতে প্রতিদিনই দোকানে ভিড় জমাচ্ছেন উৎসুক এলাকাবাসী।
ব্যবসায়ী শামসুদ্দিন ইসলাম সাগর জানান, হঠাৎ করে পানি থেকে এমন ফেনা বের হওয়া এবং পাত্রে আস্তরণ পড়ার বিষয়টি অত্যন্ত ভীতিকর ও রহস্যজনক। কেন এমন হচ্ছে, তার কোনো কুলকিনারা করতে পারছি না। ”তিনি আরও বলেন, “পানির এই অস্বাভাবিক পরিবর্তনের আসল কারণ কী, তা অবিলম্বে জানা জরুরি। পানিটিতে কোনো রাসায়নিক উপাদান, খনিজ বা তেল জাতীয় কিছু মিশে আছে কি না, তা দ্রুত ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান রোকন বলেন, বিষয়টি আপনার মাধ্যমে এই প্রথম জানলাম। দ্রুত পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করা হলে এর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। তবে জনস্বাস্থ্যঝুঁকি এড়াতে পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত এই পানি ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com