ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শত বছরের ঐতিহ্যবাহী ও ইতিহাসসমৃদ্ধ নেকমরদ ওরশ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে মাসব্যাপী এই ঐতিহাসিক মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও–৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, গণঅধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক চেয়ারম্যান এনামুল হক এবং জেলা নাগরিক পার্টির সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেলা কমিটির সাধারণ সম্পাদক নুর নবী, মেলা কমিটির অন্যান্য নেতা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, দোকান মালিক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধনী আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলা কমিটির নেতা মো. মানিক।
মাসব্যাপী নেকমরদ ওরশ মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। দূর–দূরান্ত থেকে দোকানদার, বিনোদন উদ্যোক্তা ও দর্শনার্থীদের আগমনে নেকমরদ এলাকা আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজক ও স্থানীয়রা।
ঐতিহ্য, ধর্মীয় আবহ, ব্যবসা–বাণিজ্য ও বিনোদনের সমন্বয়ে নেকমরদ ওরশ মেলা রাণীশংকৈলের মানুষের সংস্কৃতি ও ইতিহাসের এক উজ্জ্বল বহিঃপ্রকাশ হিসেবে আবারও ধরা দিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।