
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লবের বাড়িতে শনিবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে দুর্বৃত্তরা ব্যাপক ভাঙচুর ও ককটেল হামলা চালিয়েছে। হামলায় বাড়ির তিনটি মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ, এসি এবং বিভিন্ন আসবাবপত্র নষ্ট করা হয়।
বিপ্লবের বাড়ি রাজশাহী নগরের মতিহার থানার কাজলা নতুন বৌ বাজার এলাকায়। হামলার সময় তার বাবা হেলাল উদ্দিন (৬২)কে একটি ঘরে আটকে রাখা হয় এবং মা খালেদা বেগমকে (৫৩) হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়।
পরিবারের বরাতে জানা যায়, রাতে ১০০–১৫০ জনের একটি দল বাড়ির সামনে আসে। মূল ফটকে তালা থাকায় সবাই ভেতরে ঢুকতে না পারলেও প্রায় ৩০–৪০ জন প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে। তারা দোতলায় গিয়ে বিপ্লবকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে পুরো বাড়িতে তাণ্ডব চালায়। হামলাকারীরা নিচতলায় থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং বাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়।
ঘটনার পর পরিবার ৯৯৯-এ ফোন করলে রাতেই পুলিশের তিন সদস্য বাড়িতে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তারা খালেদা বেগমকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন, তবে আতঙ্কের কারণে তিনি যেতে পারেননি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “আমি রাতে থানায় ছিলাম না। ঘটনার বিষয়ে কিছু জানি না এবং এখন পর্যন্ত কেউ অভিযোগও করেনি।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।