
পটুয়াখালীর কলাপাড়ায় রাস পূর্ণিমা উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কলাপাড়া উপজেলা প্রশাসন ও কলাপাড়া পৌরসভার আয়োজনে ২৪ ও ২৫ নভেম্বর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হেলিপোর্ট মাঠে এ অনুষ্ঠান চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।
অনুষ্ঠানে কলাপাড়া বাউল সংঘের সদস্যদের পাশাপাশি স্থানীয় শিল্পী এবং দূরদূরান্ত থেকে আসা শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। আয়োজনকে ঘিরে হেলিপোর্ট মাঠের চারপাশে খেলনা ও খাবারের দোকান বসে। অনুষ্ঠান ও রাস পূর্ণিমার উৎসব ঘিরে মাঠে দর্শনার্থীদের উপস্থিতি দেখা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, কলাপাড়া উপজেলার মানুষ সংস্কৃতিমনা। মাঝেমধ্যে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের চেষ্টা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।