মাদারীপুর-২ (সদর ও রাজৈর) আসনের রাজৈর উপজেলার ৮৪নং নরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিজাইডিং কর্মকর্তা বাকি বিল্লাহর বিরুদ্ধে। তিনি সর মঙ্গল ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিষয়টি বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহানের নজরে এলে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। পরে প্রশাসনের যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযোগের পর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজ উল আলমকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ করেন।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজ উল আলম বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। স্বাক্ষরিত কাগজগুলো জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে অভিযুক্ত প্রিজাইডিং কর্মকর্তা বাকি বিল্লাহ বলেন, ‘কাজ এগিয়ে রাখার জন্য স্বাক্ষরগুলো নিয়ে রেখেছিলাম। আমার ভুল হয়ে গেছে।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।