
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর অভিযানে ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা কোনাপাড়া স্টেশন গলির বাসিন্দা সৈয়দ আলম (৪৮)।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ২ জুন বিকেলে সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন মাদক কারবারি সিএনজি অটোরিকশায় করে ইয়াবার একটি বড় চালান নিয়ে টেকনাফ সদরের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।
বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামানো হয়। পরে চালক সৈয়দ আলমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার কাছে মাদক থাকার কথা স্বীকার করেন।
এরপর স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে অটোরিকশার পেছনের ইঞ্জিন বক্সের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা এবং আসামির ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ আরও জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও মাদক সিন্ডিকেট নির্মূলে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।