লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে গভীর রাতে একটি পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। শনিবার (১৩ জুন) ভোররাতে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঢালী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত মাছচাষি মো. আমানত হোসেন।
অভিযোগকারী আমানত হোসেন জানান, তিনি তার বাবার সময় থেকে দীর্ঘদিন ধরে প্রায় দেড় বিঘা আয়তনের একটি পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছেন। ভোররাতে দুর্বৃত্তরা তার পুকুরে থাকা চাষকৃত মাছ ধরে নিয়ে যায়। এতে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
আমানত হোসেনের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে তাদের জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরেই তার পুকুরের মাছ লুট করা হয়েছে। এ ঘটনায় মনোয়ার, মুক্তার, মিন্টু ও অহিদসহ কয়েকজনের নাম উল্লেখ করে তিনি অভিযোগ করেন এবং থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মনোয়ার, মুক্তার, মিন্টু ও অহিদ। তারা বলেন, “আমরা কারও পুকুর থেকে মাছ লুট করিনি। নিজেদের বৈধ মালিকানাধীন পুকুর থেকে মাছ ধরেছি। জমি-সংক্রান্ত বিরোধের কারণে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ধরার সময় রাতের আঁধারে ডাঙায় বেশ কিছু মাছ পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো স্থানীয় উৎসুক জনতা কুড়িয়ে নেয়।
এদিকে, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলমান রয়েছে। মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।