নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে পথরোধ করে একটি ব্যাটারিচালিত রিকশা ও ৬ বস্তা রসুন লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একদল ডাকাতের বিরুদ্ধে। এ সময় ডাকাতদের হামলায় কয়েকজন আহত হন। এ ঘটনায় লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মহেশ্বর ও দুয়ারিয়া মোড়ের মধ্যবর্তী সড়কে ৬ থেকে ৭ জনের একটি অজ্ঞাতনামা ডাকাত দল অবস্থান নেয়। এ সময় রসুনবোঝাই একটি ব্যাটারিচালিত রিকশা ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ডাকাতরা এর গতিরোধ করে।
পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে রিকশায় থাকা ব্যক্তিদের মারধর করে ডাকাতরা। একপর্যায়ে তারা ব্যাটারিচালিত রিকশা ও ৬ বস্তা রসুন লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলায় আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা সড়কটিতে নৈশকালীন পুলিশি টহল জোরদার ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।