
সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি ও যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে পর্তুগালের লিসবনে অবস্থিত ‘ইস্কটে – ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব লিসবন’-এ গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ‘গ্লোবাল ভিলেজ’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশসহ ৩৫টির বেশি দেশের শিক্ষার্থীরা অংশ নেন।
আয়োজক ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক পরে সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরেন। বাংলাদেশি শিক্ষার্থীদের স্টলে ভাত, মাছ, বেগুন ভাজা ও বিভিন্ন ধরনের ভর্তার পাশাপাশি ঝালমুড়ি, চটপটি ও আলু ঘুগনি পরিবেশন করা হয়। মিষ্টান্নের তালিকায় ছিল রসমালাই, কালোজাম, রসগোল্লা ও সেমাই।
উৎসবে বাংলাদেশের পক্ষে অংশ নেন হাফসা মনি, ইশরাত সাদাফ, অপরাজিতা মিত্র, আতিকুল হক ও তৌফিক আহমেদ। খাবারের পাশাপাশি দিনব্যাপী সংগীত পরিবেশনা ও স্টল পরিদর্শনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের সংস্কৃতি বিনিময়ের সুযোগ তৈরি হয়।
বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর ‘গ্লোবাল ভিলেজ’ আয়োজন করে এবং ভোটের মাধ্যমে ‘সেরা প্রতিনিধিত্বকারী দেশ’ নির্বাচন করে; গত বছর এ স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ। গত বছরের অংশগ্রহণকারী শিক্ষার্থী ঐশী দাস বলেন, “গত বছর আমরা সেরা প্রতিনিধিত্বকারী দেশ হিসেবে নির্বাচিত হয়েছিলাম। এ বছর সেই স্বীকৃতি না পেলেও নতুন শিক্ষার্থীরা ভালোভাবে অংশ নিয়েছে।”
এবারের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, কেবল খাবার পরিবেশন নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতি ও আতিথেয়তার পরিচয় তুলে ধরাই ছিল তাঁদের মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।