
দেশব্যাপী চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ টু’-এর আওতায় শরীয়তপুরে জয়নাল হাওলাদার (৪০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর জেলা শহরের পালং মডেল থানা সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পালং মডেল থানার ওসি মো. শাহ আলম।
গ্রেপ্তার জয়নাল হাওলাদার শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চর চিকন্দী গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে। তিনি শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ টু’-এর অংশ হিসেবে পালং মডেল থানা পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে পালং মডেল থানার ওসি মো. শাহ আলম বলেন, “দেশব্যাপী চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর আওতায় জয়নাল হাওলাদার নামে একজন আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেলহাজতে পাঠানোর আদেশ দেন।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।